কলকাতাদেশভক্তিমূলকরাজনৈতিকরাজ্যশিক্ষাসংস্কৃতিসাহিত্যের পাতা

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে স্কটিশ চার্চ কলেজে নবরূপে উদ্বোধন ‘ওগিলভি বিল্ডিং’

প্রায় দুই শতকের ঐতিহ্যকে সঙ্গী করে আধুনিক শিক্ষার নতুন দিগন্তের সূচনা

সৈকত দাস,কলকাতা, শুক্রবারঃ

দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান স্কটিশ চার্চ কলেজের ইতিহাসে সংযোজিত হল আরও এক গৌরবময় অধ্যায়। প্রায় ১৯৬ বছরের সমৃদ্ধ ঐতিহ্যকে সামনে রেখেই শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল পুনর্নির্মিত “ওগিলভি বিল্ডিং”-এর। একসময়কার ঐতিহাসিক ওগিলভি হোস্টেল আজ আধুনিক শিক্ষার চাহিদা অনুযায়ী নবরূপে আত্মপ্রকাশ করেছে। ঐতিহ্য সংরক্ষণ ও আধুনিক পরিকাঠামোর যুগলবন্দিতে তৈরি এই নতুন ভবনকে কেন্দ্র করে উৎসবের আবহ দেখা যায় কলেজ প্রাঙ্গণে।

চার্চ অফ নর্থ ইন্ডিয়ার মডারেটর ও কলকাতার বিশপ তথা কলেজ গভর্নিং বডির প্রেসিডেন্ট পরিতোষ ক্যানিং আনুষ্ঠানিকভাবে এই নতুন ভবনের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. মধুমঞ্জরী মন্ডল, শিক্ষক-শিক্ষিকা, প্রাক্তনী এবং বিশিষ্ট অতিথিবৃন্দ।

কলেজের অধ্যক্ষ ড. মধুমঞ্জরী মন্ডল জানান, আপাতত এই নতুন ভবনে বি.কম এবং বি.বি.এ বিভাগের স্নাতক স্তরের পাঠক্রম স্থানান্তরিত করা হবে। বর্তমানে কলেজের দুটি পৃথক ভবনে স্নাতক, স্নাতকোত্তর এবং শিক্ষক-শিক্ষণ বিভাগের ক্লাস পরিচালিত হচ্ছে। ক্রমবর্ধমান পাঠ্যক্রম, নতুন শিক্ষানীতি এবং ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধির কারণে দীর্ঘদিন ধরেই একটি আধুনিক ও বৃহৎ পরিকাঠামোর প্রয়োজন অনুভূত হচ্ছিল। সেই ভাবনা থেকেই বাস্তবায়িত হয়েছে “ওগিলভি বিল্ডিং” পুনর্নির্মাণ প্রকল্প।

কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, ভবনের পুনর্নির্মাণের ক্ষেত্রে শুধু আধুনিকতার উপর জোর দেওয়া হয়নি, সমান গুরুত্ব দেওয়া হয়েছে ঐতিহ্য রক্ষার দিকেও। ভবনের পুরোনো পাথরের সিঁড়ি, কেন্দ্রীয় ত্রিকোণাকার পেডিমেন্ট এবং কারুকার্যময় পাথরের খিলানযুক্ত প্রবেশদ্বার সংরক্ষণ করা হয়েছে আগের আদলেই। ফলে নতুন ভবনটি যেন অতীত ও বর্তমানের এক অপূর্ব সেতুবন্ধন হয়ে উঠেছে।

ইতিহাস ঘেঁটে জানা যায়, “ওগিলভি বিল্ডিং”-এর নামকরণ করা হয়েছে জেনারেল অ্যাসেম্বলি’স ইনস্টিটিউশনের প্রাক্তন অধ্যক্ষ জেমস ওগিলভির স্মৃতিতে। ১৮৪৫ থেকে ১৮৭১ সাল পর্যন্ত তিনি প্রতিষ্ঠানের অধ্যক্ষ ছিলেন। ভারতে দীর্ঘ ২৬ বছরের প্রবাসজীবনে শিক্ষার প্রসারে তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন। বর্তমান ভবনটি নির্মিত হয় ১৯১৪ সালে এবং ১৯১৫ সালের ৫ জুলাই এক সংক্ষিপ্ত প্রার্থনা সভার মধ্য দিয়ে ওগিলভি হোস্টেলের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল।

নতুন রূপে গড়ে ওঠা এই ভবনে রয়েছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একাধিক শ্রেণিকক্ষ, যেখানে একসঙ্গে প্রায় ৫০ থেকে ৮০ জন ছাত্রছাত্রী বসতে পারবেন। পাশাপাশি তৈরি হয়েছে ইন্টারেক্টিভ স্মার্ট বোর্ড সম্বলিত ৮০ আসনের সেমিনার রুম, ইনকিউবেশন সেন্টার, কনফারেন্স রুম, বৃহৎ কম্পিউটার ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি, কমন রুম, ক্যান্টিন, অতিথি কক্ষ এবং সবুজ ঘাসে মোড়া মনোরম উদ্যান। আধুনিক শিক্ষাব্যবস্থার প্রায় সমস্ত প্রয়োজনীয় পরিকাঠামোই এই ভবনের অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই বৃহৎ প্রকল্প বাস্তবায়নে দেশ-বিদেশে ছড়িয়ে থাকা স্কটিশ চার্চ কলেজের প্রাক্তনীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করেন কলেজ কর্তৃপক্ষ। তাঁদের আর্থিক অনুদান ও সহযোগিতাতেই পুনর্নির্মাণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানানো হয়।

অধ্যক্ষ ড. মধুমঞ্জরী মন্ডল বলেন, “ওগিলভি হোস্টেলের যাত্রা শুরু হয়েছিল ১৯১৫ সালে। আমাদের পূর্বসূরীরা যে ঐতিহ্যমণ্ডিত কলেজ প্রাঙ্গণ আমাদের হাতে তুলে দিয়েছেন, তাকে শুধু সংরক্ষণ করাই নয়, শিক্ষার প্রসারে যথাযথভাবে ব্যবহার করাও আমাদের দায়িত্ব। ইউজিসি প্রবর্তিত নতুন শিক্ষানীতি (NEP)-র ফলে বহু নতুন বিষয় পড়ানোর সুযোগ এসেছে। আমরা চাই সেই সুযোগ আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীর কাছে পৌঁছে দিতে।”

তিনি আরও বলেন, “এই উদ্যোগ বাস্তবায়নে কলেজের শিক্ষক, কর্মী, প্রাক্তনী— সকলের সহযোগিতা ও অনুদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের মতো মহান ব্যক্তিত্ব যে প্রতিষ্ঠানের প্রাক্তনী, সেই প্রতিষ্ঠানের ঐতিহ্য রক্ষা করে আগামী প্রজন্মের জন্য আধুনিক শিক্ষার বিস্তৃত পরিসর তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।”

শিক্ষামহলের মতে, ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে আধুনিক শিক্ষার উপযোগী পরিকাঠামো নির্মাণের ক্ষেত্রে “ওগিলভি বিল্ডিং” ভবিষ্যতে স্কটিশ চার্চ কলেজের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। ইতিহাসের গৌরবকে ধারণ করেই এই নতুন ভবন আগামী দিনের শিক্ষার পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই আশাবাদী সকলেই।

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

1 of 23

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *