কলকাতাজেলাদেশপ্রসাশনিক খবররাজ্য

দীর্ঘ প্রতীক্ষার অবসান, স্বস্তির আশা শহরবাসীর,চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে জট কাটল, দ্রুতগতিতে শুরু কাজ

সৈকত দাস,কলকাতা: দীর্ঘদিন ধরে প্রশাসনিক জটিলতা ও পরিকাঠামোগত সমস্যার কারণে আটকে থাকা চিংড়িঘাটা মেট্রো প্রকল্পে অবশেষে গতি এল। নতুন সরকার গঠনের পর থেকেই একাধিক গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তারই মধ্যে অন্যতম এই চিংড়িঘাটা মেট্রো প্রকল্প। বহু প্রতীক্ষিত এই কাজের জট কাটিয়ে অবশেষে দ্রুতগতিতে শুরু হতে চলেছে নির্মাণকাজ।

রাজ্যবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এবার বড় পদক্ষেপ নিল প্রশাসন। আগামী ১৫ মে শুক্রবার রাত ৮টা থেকেই শুরু হচ্ছে প্রথম পর্যায়ের কাজ। কলকাতা পুলিশ ইতিমধ্যেই যান নিয়ন্ত্রণ সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে। সাধারণ মানুষের যাতায়াতে যাতে অতিরিক্ত ভোগান্তি না হয়, সেই বিষয়টিকে মাথায় রেখেই বিকল্প রুটের পরিকল্পনা করা হয়েছে বলে প্রশাসনের দাবি।

দুটি ধাপে চলবে কাজ, মোট ১২০ ঘণ্টা যান নিয়ন্ত্রণ:

মেট্রো প্রকল্পের গুরুত্বপূর্ণ নির্মাণকাজ সম্পন্ন করতে আগামী দুই সপ্তাহান্তে মোট ১২০ ঘণ্টা আংশিক যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, দু’টি পৃথক পর্যায়ে টানা ৬০ ঘণ্টা করে এই কাজ চলবে। এই সময়ে ইএম বাইপাসের নির্দিষ্ট অংশে যান চলাচল সম্পূর্ণ বা আংশিকভাবে নিয়ন্ত্রিত থাকবে।

 

প্রথম পর্যায়: ১৫ মে থেকে ১৮ মে:

প্রথম ধাপের কাজ চলবে ১৫ মে শুক্রবার রাত ৮টা থেকে ১৮ মে সোমবার সকাল ৮টা পর্যন্ত। এই সময় চিংড়িঘাটা উড়ালপুলের নিচে ইএম বাইপাসের পশ্চিম অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে।

 

কোন পথে চলবে গাড়ি?

সল্টলেক বা বিমানবন্দরমুখী গাড়িগুলিকে এনএক্স (NX) হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।

চিংড়িঘাটায় পৌঁছানোর জন্য ব্যবহার করতে হবে নতুন তৈরি উত্তরমুখী রাস্তা।

চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহারকারী সল্টলেকগামী যানবাহনকেও বিকল্প রুট নিতে হবে।

 

যে রুটে কোনো পরিবর্তন নেই:

ইএম বাইপাসের দক্ষিণমুখী যান চলাচল স্বাভাবিক থাকবে।

নিউ টাউন বা সল্টলেক দিক থেকে বাইপাসে আসা গাড়ির রুটেও কোনো পরিবর্তন করা হচ্ছে না।

 

দ্বিতীয় পর্যায়: ২২ মে থেকে ২৫ মে :

দ্বিতীয় ধাপের কাজ চলবে ২২ মে শুক্রবার রাত ৮টা থেকে ২৫ মে সোমবার সকাল ৮টা পর্যন্ত। এই সময় চিংড়িঘাটা ক্রসিংয়ের কাছে ইএম বাইপাসের পূর্ব অংশ বন্ধ থাকবে।

 

এই সময় কী কী বদল হবে?

সল্টলেক, উল্টোডাঙা ও বিমানবন্দরগামী গাড়ি

আগের পর্যায়ের মতোই এই গাড়িগুলিকে এনএক্স হোটেলের সামনে দিয়ে ঘুরিয়ে নতুন উত্তরমুখী রাস্তা ব্যবহার করে চিংড়িঘাটার দিকে পাঠানো হবে। উড়ালপুলে ওঠা গাড়িগুলিকেও বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে।

 

দক্ষিণমুখী যান চলাচল :

দক্ষিণমুখী সমস্ত সাধারণ গাড়িকে চিংড়িঘাটা মোড় থেকে ঘুরিয়ে ইএম বাইপাসের পশ্চিম অংশে পাঠানো হবে।

 

নিউ টাউন ও সল্টলেক থেকে আগত গাড়ির জন্য নির্দেশ :

নিউ টাউন বা সল্টলেক থেকে বাইপাসে আসা গাড়িগুলি চিংড়িঘাটা ক্রসিং থেকে শুধুমাত্র বাঁদিকে অর্থাৎ দক্ষিণমুখে ঘুরতে পারবে। ডানদিকে অর্থাৎ উত্তরমুখে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

উত্তরমুখী যানবাহনগুলিকে মেট্রোপলিটান ক্রসিং পর্যন্ত গিয়ে সেখান থেকে ইউ-টার্ন নিতে হবে।

 

পণ্যবাহী গাড়ির উপর কড়া নিয়ন্ত্রণ :

হাডকো মোড়, কাঁকুরগাছি বা অন্য কোনো ক্রসিং থেকে আসা দক্ষিণমুখী পণ্যবাহী গাড়িগুলিকে চিংড়িঘাটা ক্রসিংয়ের দিকে যেতে দেওয়া হবে না বলে জানিয়েছে কলকাতা পুলিশ।

দীর্ঘদিন ধরে আটকে থাকা এই মেট্রো প্রকল্প বাস্তবায়িত হলে পূর্ব কলকাতা ও সংলগ্ন এলাকার যানজট অনেকটাই কমবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রতিদিন ইএম বাইপাস, চিংড়িঘাটা, সল্টলেক ও নিউ টাউনের ব্যস্ত রাস্তায় যে চাপ তৈরি হয়, ভবিষ্যতে মেট্রো পরিষেবা চালু হলে তার বড়সড় প্রভাব পড়বে বলেই আশা করা হচ্ছে।

নতুন সরকারের আমলে আটকে থাকা অবকাঠামো প্রকল্পগুলিকে দ্রুত বাস্তবায়নের যে উদ্যোগ শুরু হয়েছে, চিংড়িঘাটা মেট্রোর কাজ তার অন্যতম বড় উদাহরণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *