জেলাদেশপ্রসাশনিক খবররাজনৈতিকরাজ্যশিক্ষাসংস্কৃতিসুস্বাস্থ্য

জন ভাগিদারি অভিযান — সবচেয়ে দূরে, সবচেয়ে আগে ২০২৬” : গ্রাম বাংলার উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, হুগলির পাঁচ ব্লকে সরকারিকরণ

১৮ থেকে ২৫ মে পর্যন্ত চলবে বিশেষ অভিযান, প্রশাসন ও সাংবাদিকদের নিয়ে প্রস্তুতি বৈঠক জেলা প্রশাসকের দফতরে

সৈকত দাস,হুগলী: হুগলি জেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাসকারী জনজাতি ও প্রান্তিক মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করল কেন্দ্র সরকার। “জন ভাগিদারি অভিযান — সবচেয়ে দূরে, সবচেয়ে আগে ২০২৬” কর্মসূচিকে সামনে রেখে সোমবার হুগলি জেলা প্রশাসকের দফতরে একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন প্রশাসনিক আধিকারিক, সরকারি দফতরের প্রতিনিধিরা এবং জেলার সাংবাদিকবৃন্দ।

আগামী ১৮ মে থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত রাজ্যের সর্বত্র এই কর্মসূচি চালু হতে চলেছে। মূলত গ্রামীণ ও জনজাতি অধ্যুষিত এলাকার উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া এবং সাধারণ মানুষের সমস্যা সরাসরি প্রশাসনের কাছে তুলে ধরার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলাশাসক খুরশিদ আলি কাদরি জানান, প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী মহা অভিযান (PM JANMAN) এবং ধরতি আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান (DA-JGUA)-এর আওতায় এই কর্মসূচি বাস্তবায়িত হবে। বিভিন্ন সরকারি দফতর যৌথভাবে এই শিবির পরিচালনা করবে যাতে গ্রামবাসীরা এক ছাতার তলায় একাধিক পরিষেবা পেতে পারেন।

 

পাঁচ ব্লকে নয়টি স্বাস্থ্য ও স্যাচুরেশন ক্যাম্প:

জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, হুগলি জেলার ধনিয়াখালি, পাণ্ডুয়া, বলাগড়, চুঁচুড়া-মগরা এবং সিঙ্গুর ব্লকের নির্বাচিত মোট নয়টি গ্রামে স্বাস্থ্য ও স্যাচুরেশন ক্যাম্প অনুষ্ঠিত হবে। প্রতিটি ক্যাম্পে প্রায় ২৫০ থেকে ৩০০ জন মানুষের অংশগ্রহণের লক্ষ্য নেওয়া হয়েছে।

এই শিবিরগুলিতে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে সামাজিক সুরক্ষা প্রকল্প, ভূমি সংক্রান্ত পরিষেবা, কৃষি সহায়তা, বনসৃজন, স্বনির্ভর গোষ্ঠী গঠন—একাধিক পরিষেবা প্রদান করা হবে।

স্বাস্থ্য পরিষেবায় বিশেষ জোর:

অভিযানের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সিকল সেল অ্যানিমিয়া ও থ্যালাসেমিয়া পরীক্ষা, গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষা, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং “চোখের আলো” প্রকল্পের আওতায় চক্ষু পরীক্ষা করা হবে।

এছাড়াও ICDS দফতরের তরফে অপুষ্টি প্রতিরোধ, শিশুদের উচ্চতা ও ওজন পরিমাপ, মাতৃ পুষ্টি এবং শিশুস্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রচার চালানো হবে। বিশেষ করে প্রত্যন্ত গ্রামের মহিলাদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির দিকেও জোর দেওয়া হচ্ছে।

ভূমি, পেনশন ও সামাজিক প্রকল্পের সুবিধা একসঙ্গে:

ভূমি ও ভূমি সংস্কার দফতরের তরফে পট্টা আবেদন, জমির রেকর্ড সংশোধন, মিউটেশন সংক্রান্ত পরিষেবা দেওয়া হবে। সমাজকল্যাণ দফতর বিভিন্ন পেনশন প্রকল্প ও সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্প সম্পর্কে তথ্য প্রদান করবে।

একই সঙ্গে BCW ও ট্রাইবাল ডেভেলপমেন্ট দফতরের উদ্যোগে ST সার্টিফিকেট, ছাত্রছাত্রীদের বৃত্তি, ST বার্ধক্য ভাতা এবং অন্যান্য জনজাতি উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হবে।

কৃষি, বন ও স্বনির্ভর গোষ্ঠী গঠনে গুরুত্ব:

গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যেও এই অভিযানে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কৃষি দফতরের পক্ষ থেকে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা-সহ বিভিন্ন কৃষি প্রকল্প সম্পর্কে কৃষকদের অবহিত করা হবে। বন দফতরের উদ্যোগে পরিবেশ রক্ষায় চারা গাছ বিতরণ করা হবে। অন্যদিকে আবগারি দফতর অবৈধ মদের বিরুদ্ধে সচেতনতা অভিযান চালাবে। DRDC-র উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠী গঠন, মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও সহায়তা করা হবে। প্রশাসনের মতে, এই উদ্যোগ গ্রামের মহিলাদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করে তুলবে।

দ্রুত নিষ্পত্তির আশ্বাস প্রশাসনের:

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শিবিরে জমা পড়া আবেদন, অভিযোগ ও পরিষেবা সংক্রান্ত সমস্যার দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করা হবে। আবেদনকারীদের হাতে সঙ্গে সঙ্গে রসিদ ও স্বীকৃতি পত্র তুলে দেওয়া হবে যাতে সাধারণ মানুষ প্রশাসনিক স্বচ্ছতার অভিজ্ঞতা পান।

১৮ মে জেলা শাসকের দফতরে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হবে। ২৫ মে সমাপনী অনুষ্ঠানের দিন সাংবাদিক বৈঠকেরও আয়োজন করা হবে।

প্রশাসনের তরফে আরও জানানো হয়েছে, এই অভিযানের প্রচারের জন্য বিভিন্ন সরকারি দফতরের উদ্যোগে IEC সামগ্রী বিতরণ, সচেতনতা সভা, বক্তৃতা ও আলোচনা অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

গ্রামীণ ও জনজাতি অধ্যুষিত এলাকার মানুষের কাছে সরাসরি সরকারি পরিষেবা পৌঁছে দিতে “জন ভাগিদারি অভিযান — সবচেয়ে দূরে, সবচেয়ে আগে ২০২৬” যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তা নিয়ে আশাবাদী জেলা প্রশাসন।

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *