কলকাতাদেশপ্রসাশনিক খবররাজনৈতিকরাজ্য

অভিষেকের বিরুদ্ধে একের পর এক FIR, রাজ্যকে কড়া বার্তা কলকাতা হাইকোর্টের

“এভাবে চলতে থাকলে আরও FIR-এর বিরুদ্ধে Blanket Injunction দিতে হবে”—পর্যবেক্ষণ বিচারপতি সৌগত ভট্টাচার্যের

সৈকত দাস,কলকাতা : তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক এফআইআর দায়েরের ঘটনায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সোমবার তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া আরও তিনটি এফআইআরের ক্ষেত্রে আপাতত কোনও জবরদস্তিমূলক পদক্ষেপ না নেওয়ার সুরক্ষা বাড়িয়ে দিয়েছে আদালত।

মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্যের উদ্দেশে কড়া বার্তা দিয়ে বলেন, একই ধরনের অভিযোগের ভিত্তিতে বারবার এফআইআর দায়েরের প্রবণতা চলতে থাকলে আদালত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবিষ্যতে নতুন করে এফআইআর দায়েরের ক্ষেত্রে blanket injunction বা সার্বিক নিষেধাজ্ঞা জারি করার বিষয়টি বিবেচনা করতে পারে।

শুনানির সময় বিচারপতি ভট্টাচার্য বলেন, “Every day issues coming one after another based on one complaint and another. If this thing goes on, then I am telling you that I am going to pass an order for blanket injunction.” অর্থাৎ, একই ধরনের অভিযোগকে কেন্দ্র করে যদি পরপর নতুন নতুন মামলা হতে থাকে, তাহলে আদালত সার্বিক নিষেধাজ্ঞার নির্দেশ দিতে পারে বলে স্পষ্ট করে দেন তিনি।

আদালতের পর্যবেক্ষণে আরও উঠে আসে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ধারাবাহিকভাবে মামলা দায়েরের বিষয়টি ইতিমধ্যেই আদালতের নজরে এসেছে। এভাবে মামলা নথিভুক্ত হওয়ার পুনরাবৃত্তি বিচারব্যবস্থার কাছেও উদ্বেগের কারণ হয়ে উঠছে বলে ইঙ্গিত দেয় আদালত।

শুনানিতে বিচারপতি আরও বলেন, “Enough is enough।” পাশাপাশি তিনি জানান, ২০২৬ সালের মে মাস থেকে এই ধরনের বিষয় তাঁর আদালতে শুনানি হয়ে আসছে এবং পরিস্থিতি একইভাবে চলতে থাকলে আগের একটি সমন্বয় বেঞ্চের (coordinate bench) দেওয়া নির্দেশের ওপর নির্ভর করে আরও বিস্তৃত সুরক্ষামূলক নির্দেশ দেওয়ার কথা বিবেচনা করা হতে পারে।

এক্ষেত্রে আদালত Suvendu Adhikari-কে ঘিরে পূর্বে দেওয়া একটি নির্দেশের কথাও উল্লেখ করেছে বলে জানা গিয়েছে। সেই নির্দেশের নজির সামনে রেখেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একই ধরনের অভিযোগে বারবার মামলা দায়েরের প্রবণতা রুখতে বৃহত্তর নির্দেশ দেওয়ার সম্ভাবনার কথা আদালত জানিয়েছে।

শুনানিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী অভিজিৎ দাস ওরফে ববির ভূমিকার বিষয়টিও আদালতের নজরে আসে। অভিযোগ অনুযায়ী, তাঁর পক্ষ থেকে বারবার নতুন করে অভিযোগ দায়ের করা হচ্ছে। আদালত এই ধারাবাহিক অভিযোগের বিষয়টিও শুনানির সময় বিবেচনায় নিয়েছে।

তবে আদালতের পর্যবেক্ষণ এখনও চূড়ান্ত রায় বা স্থায়ী নিষেধাজ্ঞা নয়। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট তিনটি এফআইআরে জবরদস্তিমূলক পদক্ষেপ থেকে সুরক্ষা বাড়ানো হয়েছে। ভবিষ্যতে একই ধরনের অভিযোগ ও মামলা দায়েরের ধারা অব্যাহত থাকলে আদালত আরও বিস্তৃত নির্দেশ দেয় কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও আইনি মহলের।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধারাবাহিক এফআইআর নিয়ে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই কলকাতা হাইকোর্টের এই কড়া পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Khabarer Sandhane is a news hub which provides you with comprehensive up-to-date Bengali news coverage from all over West Bengal and India. Get the latest Bengali top stories, Bengali Breaking Stories, Bengali live news ,current affairs news in Bengali,…

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *